সচরাচর জিজ্ঞাসা
আপনার প্রশ্নের উত্তর এখানে।
ভ্রমণ
কুতুবদিয়া কোথায়?
কুতুবদিয়া কক্সবাজার জেলার একটি দ্বীপ-উপজেলা, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে। আয়তন প্রায় ২১৬ বর্গকিমি, ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত; ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১,৪৩,৬২২।
কীভাবে কুতুবদিয়া যাব?
ঢাকা থেকে বাস, ট্রেন বা বিমানে কক্সবাজার, সেখান থেকে বাস/সিএনজিতে মগনামা ঘাট। চট্টগ্রামের চান্দগাঁও বাস স্টেশন থেকে সরাসরি বাসে মগনামা ঘাট (অ্যাডভেঞ্চার পছন্দ করলে ফিরিঙ্গি বাজার থেকে ইঞ্জিন নৌকায় সরাসরি কুতুবদিয়াও যাওয়া যায়)। তারপর ডেনিশ বোট বা স্পিডবোটে কুতুবদিয়া চ্যানেল পার হোন। বিস্তারিত “যাতায়াত” পেজে।
ভ্রমণের সেরা সময় কখন?
সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি—আবহাওয়া শুকনো ও সাগর তুলনামূলক শান্ত। জুন–সেপ্টেম্বরে জোয়ার ও উত্তাল সাগরের কারণে ভ্রমণ কঠিন হতে পারে।
এক দিনে ভ্রমণ করে আসা কি সম্ভব?
সকাল সকাল রওনা দিলে চট্টগ্রাম থেকে এক দিনে ভ্রমণ করে আসা সম্ভব (যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৬–৭ ঘণ্টা)। তবে নৌযান সূর্যাস্ত পর্যন্ত চলে, তাই ফেরার সময় আগে নিশ্চিত করুন। রাত কাটালে সৈকতের সূর্যাস্ত ও ভোর দুটোই উপভোগ করা যায়।
থাকার ব্যবস্থা কেমন?
ব্যবস্থা সীমিত; বড়ঘোপ বাজার এলাকায় কয়েকটি হোটেল আছে। আগে থেকে ফোনে বুকিং নিশ্চিত করুন। আমাদের “থাকার ব্যবস্থা” পেজে অনুরোধ পাঠালে আমরা সাহায্য করব।
সাগরে নামা কি নিরাপদ?
সৈকতে লাইফগার্ড নাও থাকতে পারে এবং জোয়ার-ভাটার সময় দ্রুত বদলায়। নামার আগে অবশ্যই স্থানীয়দের কাছ থেকে জোয়ার-ভাটার খবর নিন, শিশুদের একা ছাড়বেন না।
বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক কেমন?
সাবমেরিন কেবলের মাধ্যমে দ্বীপ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, তবু সঙ্গে পাওয়ার ব্যাংক রাখা ভালো। নেটওয়ার্ক এলাকাভেদে ভিন্ন হতে পারে।
নৌকায় চ্যানেল পার হতে কত সময় ও খরচ লাগে?
মগনামা ঘাট থেকে ডেনিশ বোটে সময় লাগে প্রায় ৩০–৩৫ মিনিট, ভাড়া ৩০ টাকা। স্পিডবোটে প্রায় ৭–১০ মিনিট, ভাড়া ১০০ টাকা। সি ট্রাক শীঘ্রই যুক্ত হচ্ছে—এর ভাড়া ও সময়সূচি হালনাগাদ করা হবে। ভাড়া ও সময়সূচি পরিবর্তন হতে পারে, তাই ঘাটে নিশ্চিত হোন। সাধারণত সূর্যাস্তের পর নৌযান চলে না; ফেরার শেষ যাত্রার সময় আগেই জেনে নিন।
সৈকতে ক্যাম্পিং করা যায় কি?
ভ্রমণ-সূত্র অনুযায়ী সৈকতে ক্যাম্পিং জনপ্রিয় এবং স্থানীয়রা সহায়তা করেন। তবু আগে স্থানীয়দের জানিয়ে নিন, জোয়ারের সময় দেখে জায়গা বাছুন এবং বর্জ্য সঙ্গে নিয়ে ফিরুন।
প্রফেশনাল পেজ
প্রফেশনাল পেজ কী এবং কারা নিতে পারবেন?
এটি আপনার পেশা বা ব্যবসার জন্য একটি আকর্ষণীয় ওয়েব পেজ—ডাক্তার, শিক্ষক, হোটেল, রেস্তোরাঁ, দোকান, পরিবহন, কারিগর বা যেকোনো স্থানীয় পেশাজীবী নিতে পারেন। এটি মূলত কুতুবদিয়ার বাসিন্দাদের জন্য।
আবেদনের পর কত দিনে পেজ লাইভ হবে?
ফী জমা ও তথ্য যাচাইয়ের পর ৫ কর্মদিবসের মধ্যে আপনার পেজ লাইভ হবে। সঙ্গে পাবেন নিজের নামে সাবডোমেইন (যেমন https://yourname.kutubdia.com) ও ইমেইল।
ফী কীভাবে দেব?
আবেদন ফর্মে দেখানো বিকাশ/নগদ/রকেট নম্বরে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি ফর্মে লিখুন। আমরা যাচাই করে ইমেইল ও এসএমএসে জানাব।
বিজ্ঞাপন
কীভাবে বিজ্ঞাপন দেব?
“বিজ্ঞাপন দিন” পেজ থেকে বিজ্ঞাপনের ধরন ও মেয়াদ বেছে ফর্ম পূরণ করুন। ফী জমা দিলে আপনার বিজ্ঞাপন সাইটে প্রকাশিত হবে।
সাধারণ
সাইটের কোনো তথ্য ভুল মনে হলে কী করব?
অনুগ্রহ করে “যোগাযোগ” পেজ থেকে আমাদের জানান। স্থানীয়দের সহায়তায় আমরা তথ্য নিয়মিত হালনাগাদ করি।
কুতুবদিয়ার জনসংখ্যা ও আয়তন কত?
আয়তন ২১৫.৭৯ বর্গকিমি; ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১,৪৩,৬২২ (সূত্র: উইকিপিডিয়া/বিবিএস)। ছয়টি ইউনিয়ন, ৮টি মৌজা ও ৫৫টি গ্রাম।